SKIP TO MAIN CONTENT

নিউ সাউথ ওয়েলসে স্ট্রিপ-সার্চের জন্য ইনডিজেনাস শিশুদের লক্ষ্যস্থল করা হয়েছে

গত এক বছরে নিউ সাউথ ওয়েলসে ১৭ বছর বা তারও কম বয়সের ৯৬ জন কিশোর-কিশোরীকে স্ট্রিপ-সার্চ করেছে পুলিশ।

New South Wales Police badge.
New South Wales Police Source: AAP/Dean Lewins

3 min read

Published

Updated

By Maani Truu

Presented by Sikder Taher Ahmad



Skip to article content

ইনডিজেনাস শিশুদেরকে অসমঞ্জস্যপূর্ণভাবে ক্রমাগতভাবে লক্ষ্যবস্তু করে স্ট্রিপ-সার্চ করা হচ্ছে। গত অর্থ-বছরে স্ট্রিপ-সার্চের প্রায় ২১ শতাংশ করা হয়েছে ১০ থেকে ১৭ বছর বয়সীদেরকে।

ফ্রিডম অফ ইনফরমেশন আইনের অধীনে পুলিশের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে রেডফার্ন লিগ্যাল সেন্টার। এসবিএস নিউজ এতে দেখতে পায় যে, ২০১৯-২০ অর্থ-বছরে ৯৬ জন শিশু-কিশোরকে স্ট্রিপ-সার্চ করা হয়েছে। এই সময়কালে স্ট্রিপ-সার্চ করা মোট ব্যক্তির ২.৫ শতাংশ এটি।

স্ট্রিপ-সার্চের শিকার হওয়া শিশু-কিশোরদের মধ্যে ২০ শতাংশ শিশু হচ্ছে অ্যাবোরিজিনাল অ্যান্ড টরেস স্ট্রেইট আইল্যান্ডার। বিগত বছরের তুলনায় এটি ১৩ শতাংশ বেশি।

১১ থেকে ১৪ বছর বয়সী সাত জন শিশুকে স্ট্রিপ-সার্চ করা হয়। এ সম্পর্কে পুলিশের একজন মুখপাত্র বলেন,

“এগুলো পর্যালোচনা করে দেখা হয়েছে এবং দেখা গেছে যে, এগুলো আইন ও নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

রেডফার্ন লিগ্যাল সেন্টারের সলিসিটর স্যাম লি পুলিশের জবাবদিহিতার চর্চা নিয়ে বিশেষায়িত গবেষণা করেছেন। তিনি বলেন,

“অ্যাবোরিজিনাল অ্যান্ড টরেস স্ট্রেইট আইল্যান্ডার লোকদের অনুপাতহীন সংখ্যায় স্ট্রিপ-সার্চ করার বিষয়টি সুস্পষ্টই একটি চোখে পড়ার মতো ইস্যু।”

“চলমান স্ট্রিপ-সার্চের কারণে শিশুদের উপরে শারীরিক ও মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। সেজন্য এটি সবসময়েই বড় একটি সমস্যা।”

ঐ একই সময়ে ইনডিজেনাস ব্যক্তিদেরকে তল্লাশি করার হার ৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১৩ শতাংশে উপনীত হয়েছে। এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের বৃহৎ জনগোষ্ঠীর তুলনায় এটি ৩.৪ শতাংশের সমান।

তবে, ২০১৯-২০ অর্থ-বছরে স্ট্রিপ-সার্চের মোট সংখ্যা এর আগের বছরের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে। এর আগের বছরে এই সংখ্যা ছিল ৫,৩৬৬ আর ২০১০-২০ অর্থ-বছরে তা দাঁড়ায় ৩,৭৫০ এ।

মিজ লি বলেন, কোভিড-১৯ এর কারণে মিউজিক ফেস্টিভালগুলো বাতিল করায় এটা কমে গেছে।

প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে, সিডনি অলিম্পিক পার্কে, যেখানে সাধারণত বড় বড় মিউজিক ফেস্টিভালগুলো অনুষ্ঠিত হয়, স্ট্রিপ-সার্চ বিগত বছরের তুলনায় ৭৮ শতাংশ কমে গেছে। সিডনির মুর পার্কেও সাধারণত মিউজিক ফেস্টিভাল হয়ে থাকে। সেখানেও একই সময়কালে স্ট্রিপ-সার্চ ৬৪ শতাংশ কমে গেছে।

তিনি বলেন,

“কোভিডের আগে মিউজিক ফেস্টিভালগুলোতেই বেশিরভাগ সংখ্যক স্ট্রিপ-সার্চ করা হতো।”

“কিন্তু, আমরা দেখতে পেলাম যে, মিউজিক ফেস্টিভাল থেকে নজর সরিয়ে ফার্স্ট নেশন জনগোষ্ঠীর মাঝে স্ট্রিপ-সার্চের হার বাড়ানো হয়েছে। এটি খুবই বিশৃঙ্খলা সৃষ্টিকারী।”

২০১৯-২০ অর্থ-বছরে স্ট্রিপ-সার্চের বেশিরভাগ (৫৪ শতাংশ) ক্ষেত্রেই অবৈধ কিছু পাওয়া যায় নি।

নিউ সাউথ ওয়েলস পুলিশের একজন মুখপাত্র বলেন, এ বছরের শুরুর দিকে ল এনফোর্সমেন্ট কন্ডাক্ট কমিশন বেআইনী তল্লাশির বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এর পর, নীতিমালা, প্রক্রিয়া এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, নতুন একটি পার্সন সার্চ ম্যানুয়াল তৈরি এবং মিউজিক ফেস্টিভাল প্রসিজার্স হালনাগাদ করা হয়েছে।

স্ট্রিপ-সার্চের পর্যালোচনা করে এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এ বছরের শেষ নাগাদ।

সোমবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র বলেন,

“আমরা এই পর্যালোচনার গুরুত্ব অনুধাবন করি। এ বছরের শেষ নাগাদ সংসদে যখন এর প্রাপ্ত তথ্য-উপাত্ত পেশ করা হবে, তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

“ল এনফোর্সমেন্ট (পাওয়ার অ্যান্ড রেস্পন্সিবিলিটিস) অ্যাক্ট ২০০২ (LEPRA) এর শর্ত অনুসারে একজন পুলিশ কর্মকর্তা স্ট্রিপ-সার্চ করতে পারেন।”

“সেই আইনে মানুষের গোপনীয়তা ও সম্মানের সুরক্ষার কথা রয়েছে। সেখানে শিশুদের এবং অসহায় ব্যক্তিদের জন্য অতিরিক্ত রক্ষা-কবচ রয়েছে, যা পুলিশকে অবশ্যই মেনে চলতে হবে।”

রেডফার্ন লিগাল সেন্টার এবং স্ল্যাটার অ্যান্ড গর্ডন ল’ইয়ার্স একত্রিত হয়ে এক্ষেত্রে কাজ করছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের হাতে যারা বেআইনীভাবে স্ট্রিপ-সার্চের শিকার হয়েছে তাদের জন্য সম্ভাব্য একটি ক্লাস অ্যাকশনের খোঁজ করছে তারা।

গত ছয় বছরে নিউ সাউথ ওয়েলস পুলিশের দ্বারা যারা বেআইনীভাবে স্ট্রিপ-সার্চের শিকার হয়েছেন, সে রকম সম্ভাব্য হাজার হাজার ব্যক্তির জন্য ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করা হচ্ছে।

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now