মানিকগঞ্জের দুর্গম এলাকায় মাজনুন মিজানের ছোটবেলা কেটেছে। কিশোর বয়সেই তাঁর অভিনেতা হবার প্রত্যয় ছিল। তবে পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজে সাহায্য করতে হতো বলে তাঁর সেই ইচ্ছেটি বাস্তবে রূপ দেবার কাজটি সহজ ছিল না।
মিজান জানান, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী সহ বিশেষ দিনগুলোতে এক ধরণের সৌখিন মঞ্চ বানিয়ে বন্ধুদের সঙ্গে অভিনয় করতেন তিনি।
তাঁর ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ছিলেন সংস্কৃতিমনা এবং তাঁর অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো - এ প্রসঙ্গে মি. মিজান বলেন, "আমি বাবার সাথে একই মঞ্চে অভিনয় করেছি, আমার ধারণা আমার অভিনয়ে আসার ইচ্ছাটা আমার রক্তেই হয়তো আছে।"
মাজনুন মিজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ঢাকা থিয়েটারে যোগ দেন।

অভিনেতা হতে হলে ভিন্ন ব্যক্তিত্বের মানুষ হতে হয়, "এই শিল্পের প্রতি প্রেম বা পাগলামি না থাকলে অভিনেতা হওয়া যায় না," বলেন তিনি।
তবে থিয়েটারই অভিনয় শিল্পী তৈরীর একমাত্র জায়গা নয় বলে মনে করেন তিনি।
মি. মিজান বলেন, "অনেকেই থিয়েটার না করেও ভালো অভিনয় করছেন, এই শিল্পে দাঁপিয়ে বেড়াচ্ছেন। তবে থিয়েটারে পদ্ধতিগতভাবে অভিনয় শেখা যায়, থিয়েটার চর্চ্চার জায়গা, ভালোবাসার জায়গা।"

মাজনুন মিজান প্রখ্যাত লেখক-চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের নির্মিত 'নয় নম্বর বিপদ সংকেত' ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়া তিনি ভুবন মাঝি, গন্ডি, মিশন এক্সট্রিম, আমার আছে জল সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'আইজ্যাক লিটন' ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে।
মাজনুন মিজানের সাথে পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।










