Key Points
- ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ঝুঁকির সঙ্গে হিটিং ডিভাইস এবং ধূমপানের সম্পর্ক আছে।
- সহজে দাহ্য পদার্থ যথাযথ ও নিরাপদভাবে সংরক্ষণ করতে হবে।
- অগ্নি-নিরাপত্তা, প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে শিশুদেরকে শেখাতে হবে।
ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যদিও বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য, তথাপি এ রকম দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে যায়।
অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়-ক্ষতি হয়ে থাকে সেগুলো অপূরণীয়। ছোট একটি স্ফুলিঙ্গ থেকে ভয়ানক অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে এবং মারাত্মক ক্ষয়-ক্ষতি হতে পারে।
বিভিন্ন রকম অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ২০১৯ সালে ন্যাচারাল হ্যাজার্ডস রিসার্চ অস্ট্রেলিয়া এবং ফায়ার রেসকিউ ভিক্টোরিয়া একটি সমীক্ষা চালায়। এতে তারা দেখতে পায় যে, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, যেমন, ঝড়, বন্যা এবং বুশফায়ারের তুলনায় আবাসিক ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবছর বেশি মানুষ মারা যায়।
এই সমীক্ষাটির একজন কো-অথর, ন্যাচারাল হ্যাজার্ডস রিসার্চ অস্ট্রেলিয়ার সিইও অ্যান্ড্রু গিসিং বলেন, ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডে প্রতিবছর গড়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

সমীক্ষাটিতে আরও দেখা গেছে, ঘর-বাড়িতে বেশিরভাগ ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শীত কালে। আর, এর জন্য দায়ী হিটিং ডিভাইসগুলো ব্যবহারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন না করা এবং অনিরাপদ হিটিং ডিভাইস ব্যবহার করার মতো বিষয়গুলো।
ফায়ার অথরিটিগুলো জনগণের প্রতি আহ্বান জানায় হিটিং ডিভাইসগুলো ব্যবহারের ক্ষেত্রে সেগুলোর ব্যবহার পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করার জন্য। এর মানে হলো, ঘরের বাইরে ব্যবহারোপযোগী হিটিং ডিভাইসগুলো ঘরের ভেতরে ব্যবহার করা পরিহার করতে হবে। যেমন, হিট বিডস কিংবা এল-পি-জি (লিকুয়িফায়েড পেট্রোলিয়াম গ্যাস) ঘরের ভেতরে হিটিংয়ের জন্য ব্যবহার না করা।
মিস্টার গিসিং বলেন, ঘরের বাইরে হিটিংয়ের জন্য ডিজাইন করা সরঞ্জামগুলো ঘরের ভেতরে ব্যবহারের উপযোগী নয়। ঘরের ভেতরে এগুলো ব্যবহার করা হলে কার্বন-মনোক্সাইড উৎপন্ন হতে পারে, যা অবশেষে প্রাণঘাতী হতে পারে।
সমীক্ষাটি অনুসারে, ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে যারা বেশি হতাহত হয়ে থাকেন তাদের মধ্যে রয়েছেন ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিগণ।
আর, অগ্নিকাণ্ডের ধাক্কা শিশুদের ওপরেও পড়ে। ছোটখাটো, সামান্য অগ্নিকাণ্ডেও তারা দগ্ধ হয়ে থাকে।
সিডনি চিলড্রেন্স হসপিটাল নেটওয়ার্ক এর কিডস হেলথ প্রমোশন ইউনিট-এর ম্যানেজার সাইমন সালিভান বলেন, অগ্নিকাণ্ডে কম-বয়সী শিশুদের ঝুঁকি বেশি।

ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে হিটিং ডিভাইস এবং ধূমপানের সঙ্গে সংশ্লিষ্ট বস্তুগুলোর বড় সম্পর্ক আছে। মিস্টার গিসিং বলেন, সিগারেট, বৈদ্যুতিক ত্রুটি, হিটার ইত্যাদির কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডগুলো প্রতিরোধ করার সুযোগ আছে।
মিস্টার গিসিং ঘর-বাড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধে কিছু সাধারণ বিষয়ের কথা তুলে ধরেন। যেমন, স্মোক এলার্ম ইনস্টল করা, ফায়ার এসকেপ প্লান থাকা এবং রান্নার সময়ে লক্ষ রাখা ও অসতর্ক না হওয়া।
কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (QFES) এর ফায়ার সেইফটির একজিকিউটিভ ম্যানেজার মার্ক হ্যালভার্সন বলেন, আগুনের উৎস সম্পর্কে জ্ঞান রাখা এবং সে অনুসারে কাজ করার মাধ্যমে আসলে অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়টি শুরু হয়।

সাম্প্রতিক বছরগুলোতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি-পাওয়ারড ডিভাইসগুলোর কারণে ঘর-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে।
মিস্টার হ্যালভার্সন বলেন, এসব উপকরণ ব্যবহারের ঝুঁকি সম্পর্কে মানুষ অবহিত হলে এসব অগ্নিকাণ্ড প্রতিরোধ-যোগ্য।
এসব ডিভাইস চার্জ করার সময় যথাযথ চার্জার ব্যবহার করার প্রতি জোর দেন তিনি।
বেশিরভাগ লোকের বাড়ির ব্যাকইয়ার্ডে সহজে দাহ্য উপাদান পাওয়া যায়। এসব উপাদানের মধ্যে রয়েছে শুকনো ডাল-পালা, কাঠ, পুরনো কাপড়, অগ্নি-দাহ্য নানা যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং শেডে ফেলে রাখা অন্যান্য নানান জিনিসপত্র ও রাসায়নিক পদার্থ।

বাড়িতে জ্বালানি তেল সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন মিস্টার হ্যালভারসন।

স্মোক এলার্ম অগ্নিকাণ্ড রোধ করে না। বরং, এর মাধ্যমে মানুষ প্রয়োজনীয় আগাম সতর্ক সংকেত লাভ করে। আর, কখনও কখনও এর ফলে অগ্নিকাণ্ডের সূচনা হওয়া মাত্রই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়।
তবে, অপ্রস্তুত অবস্থায় আগুন নেভাতে যাওয়ার বিপদ রয়েছে। এ নিয়ে সতর্ক করেন মিস্টার হ্যালভারসন।

বাড়িতে আগুন লেগে গেলে কী করণীয় সে বিষয়ে বাড়ির সবাইকে জানতে হবে। এ বিষয়টি গুরুত্বপূর্ণ। যেমন, আগুন লেগে গেলে ট্রিপল জিরোতে কল করা ছাড়াও আর কী কী করা যায় সে সম্পর্কে ঘরের শিশু-কিশোরদেরকে শেখাতে হবে।
ফায়ার ড্রিলের প্রতি জোর দেন মিজ সালিভান।

অগ্নিকাণ্ড প্রতিরোধ করার বিষয়টি নিয়ে ঘরের শিশুদের সঙ্গে কথা বলার বিষয়টি সহজ নয়। তারা এতে ভীত-সন্ত্রস্ত হতে পারে। মিজ সালিভান এ নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। তিনি বলেন, তাদেরকে সহজ করে, বাস্তব উদাহরণ সহকারে বোঝাতে।

Home fire safety tips for parents and carers
- Fire safety drills for children
- Preventing burns in the kitchen
- First aid for child burns – (Translations available in Nepali, Simplified Chinese, Arabic, Farsi, Hindi, Karen, Punjabi, Samoan, Vietnamese)
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।




