মূল বিষয়সমূহ
- অস্ট্রেলিয়ায় অনুবাদক ও দোভাষী (T&I) পেশায় যোগ দেওয়ার পথটি অত্যন্ত কাঠামোবদ্ধ।
- এই ক্ষেত্রে কাজ করতে হলে সবারই NAATI পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।
- অনুবাদক ও দোভাষীর জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়।
- ইংরেজি দক্ষতায় IELTS 6 সমপর্যায়ের দক্ষতা প্রত্যাশা করে NAATI।
অস্ট্রেলিয়ায় অনেকেই রয়েছেন যারা পাশাপাশি দুটি ভাষা ব্যবহারে দক্ষ। কখনও কি ভেবেছেন আপনার এই দক্ষতা ব্যবহার করে অন্যদের সহায়তা করা যাবে? যদি এরকম ভেবে থাকেন, তাহলে আপনি অনুবাদক ও দোভাষী পেশা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।
অস্ট্রেলিয়ায় এই দুই পেশার জন্য আপনি TAFE সার্টিফিকেট থেকে শুরু করে মাস্টার্স পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ নিতে পারেন, এরপর সার্টিফায়েড হয়ে একজন যোগ্য পেশাজীবী হিসেবে কাজ করতে পারেন।
অস্ট্রেলিয়ার নতুন ও উদীয়মান ভাষাগুলোর ক্ষেত্রে দোভাষী ও অনুবাদকদের ঘাটতি দেখা যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে এই ঘাটতি অনেক বেশি, তারা দক্ষ দোভাষীদের জন্য আহ্বান জানাচ্ছে। এর মধ্যে AUSLAN (অস্ট্রেলিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ) এবং অস্ট্রেলিয়ান ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজও অন্তর্ভুক্ত।
তবে এই খাতকে পেশা হিসেবে নেওয়ার আগে আপনাকে কিছু আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করতে হবে।
অনুবাদক ও দোভাষী, একসঙ্গে যাদের সাধারণত T and I ((T&I)) বলা হয়, এ দুটি আসলে পৃথক দুটি পেশা। দোভাষীর কাজ হলো তাৎক্ষণিকভাবে মৌখিক ভাষা পরিবেশন করা, আর অনুবাদ মূলত লিখিত বা টেক্সটের ওপর কেন্দ্রীভূত। প্রতিটি ক্ষেত্রের জন্য সম্পূর্ণ ভিন্ন দক্ষতা ও কৌশল প্রয়োজন হয়।
ভাষা ও T&I প্রশিক্ষক টি (Tee) বলেন, এ দুটি ব্যাপার ভিন্নভাবে শেখা হয়।
অনুবাদের ক্ষেত্রে সময় নিয়ে ভেবে সেটি করা যায়, অন্যদিকে দোভাষীর কাজ হয় তাৎক্ষণিক।
অস্ট্রেলিয়ায় একজন যোগ্য T&I পেশাজীবী হওয়ার জন্য একটি নির্দিষ্ট কাঠামোবদ্ধ পথ রয়েছে।
প্রথম ধাপ হলো আনুষ্ঠানিক পড়াশোনা। এখানে TAFE সার্টিফিকেশন থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়াশোনা বেছে নেওয়ার সুযোগ আছে।
এর উদ্দেশ্য হলো আপনার দক্ষতা গড়ে তোলা এবং আপনাকে NAATI পরীক্ষার জন্য প্রস্তুত করা, যাতে আপনি একজন সার্টিফায়েড অনুবাদক বা দোভাষী হিসেবে কাজ করতে পারেন। NAATI হলো National Accreditation Authority for Translators and Interpreters, এবং নাম থেকেই বোঝা যায়, এটি T&I পেশার মানদণ্ড নির্ধারণ ও বজায় রাখে।
টি বলেন,
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হলো NAATI সার্টিফিকেশন অর্জন করা।
তিনি আরও বলেন, “এরপর আপনি আরেকটি ধাপে এগিয়ে যান, যেখানে যত বেশি সম্ভব এজেন্সিতে নিবন্ধন করেন, এবং শেষ পর্যন্ত একটি কাজ পাওয়ার চেষ্টা করেন। এই দীর্ঘ প্রক্রিয়াটি প্রস্তুতির ক্ষেত্রে ছয় মাস থেকে আড়াই বছর পর্যন্ত সময় নিতে পারে, এবং এর সঙ্গে কিছু উল্লেখযোগ্য প্রাথমিক ব্যয়ও জড়িত থাকে।”

একটি আনুষ্ঠানিক T&I কোর্সে ভর্তি হতে হলে আপনাকে ইংরেজি এবং আরেকটি ভাষায় শক্তিশালী দক্ষতার প্রমাণ দিতে হবে। আপনি ইংরেজিভাষী কোনো দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেও যোগ্যতা অর্জন করতে পারেন।
সার্টিফিকেশন দেওয়ার আগে NAATI সাধারণত ভাষাগত দক্ষতার প্রমাণ চায়।
মারিনা মরগান TAFE SA -এর একজন সিনিয়র লেকচারার, যা NAATI-অনুমোদিত কোর্স পরিচালনা করে থাকে। তিনি বলেন, “ইংরেজি দক্ষতার ক্ষেত্রে NAATI সাধারণত IELTS 6 পর্যায়ের দক্ষতা প্রত্যাশা করে। আগ্রহীদের বর্তমান বিশ্বপরিস্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং যে কোনো নির্দিষ্ট বিষয়ে সাধারণ মানুষ যতটুকু শব্দভাণ্ডার ও পরিভাষা জানে, অন্তত ততটুকু জানা থাকতে হবে।“
ভাষাগত যোগ্যতা পূরণ করার পর, আপনার লক্ষ্য অনুযায়ী একটি NAATI-অনুমোদিত কোর্সে ভর্তি হতে হবে।
মিজ মরগান বলেন, ন্যূনতম প্রয়োজনীয়তা হলো ‘Introduction to Interpreting’ অথবা ‘Introduction to Translating’ স্কিল সেট। এটি একটি ১২-সপ্তাহের কোর্স, যা প্রার্থীদের NAATI পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিভিন্ন কলেজ এই ‘স্কিল সেট’ কোর্সগুলো পরিচালনা করে থাকে।
কেউ যদি এ নিয়ে আরও ভালোভাবে পড়াশোনা করতে চায়, তাদের জন্য রয়েছে Diploma of Interpreting, যা হচ্ছে এক বছরের পার্ট-টাইম কোর্স, যা অল্প কিছু ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে। TAFE SA ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে এই ডিপ্লোমা কোর্সটি পরিচালনা করে।
মিজ মরগান জানিয়েছেন যে,
স্কিল সেট কোর্সগুলো নির্দিষ্ট কোনো ভাষাভিত্তিক নয়।

এরকম একটি কোর্স সম্পন্ন করার অর্থ হচ্ছে যে আপনি প্রয়োজনীয় নৈতিকতা ও আন্তঃসাংস্কৃতিক মানদণ্ড পূরণ করেছেন, যা NAATI তে পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় শর্ত।
কর্মক্ষেত্রে যখন নৈতিক জটিলতা দেখা দেয়, তখন এই দক্ষতাগুলো অত্যন্ত কাজে লাগে।
টি এমন কিছু পরিস্থিতির কথা বলেন, যেখানে তিনি কাজে গিয়ে পরিচিত কাউকে ক্লায়েন্ট হিসেবে পেয়েছেন।
পড়াশোনা শেষ হলে আপনি এখন NAATI পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত।
পাওলা আপারিসিও NAATI-র সার্টিফিকেশন টেস্টিং টিম লিডার এবং একজন সার্টিফায়েড পেশাজীবী।
তিনি বলেন, NAATI বিভিন্ন ধরনের সার্টিফিকেশন প্রদান করে।

যোগ্যতা যাই থাকুক না কেন, এই পেশায় আগ্রহী সবাইকে NAATI পরীক্ষায় অংশ নিতে হয়।
প্রাথমিক পর্যায়ের সার্টিফিকেশন হলো Certified Provisional Interpreter। এর পরের স্তর হলো Certified Interpreter। এছাড়াও আরও উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ সার্টিফিকেশনও পাওয়া যায়।
মিজ আপারিসিও বলেন, এইসব পরীক্ষা বাস্তব কাজের পরিবেশ তৈরি করে নেওয়া হয়।
এই মূল্যায়ন প্রক্রিয়া অত্যন্ত কঠোর হয়ে থাকে। এগুলোতে উত্তীর্ণ হওয়া মানে আপনি জাতীয়ভাবে স্বীকৃত পেশাগত মানদণ্ড পূরণ করেছেন।
যেহেতু অনুবাদক ও দোভাষীর জন্য ভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন, তাই প্রতিটির জন্য আলাদা পরীক্ষা দিতে হয়।
আপনার সার্টিফিকেশন প্রতি তিন বছর পরপর নবায়ন করতে হবে।
মিজ আপারিসিও বলেন, NAATI-কে দেখাতে হয় যে পেশাজীবীরা নিয়মিত কাজ করছেন এবং পেশাগত উন্নয়নে যুক্ত আছেন।
NAATI ওয়েবসাইটে এই পেশায় যোগ দেওয়ার উপায়, পূর্বশর্ত এবং পরীক্ষার সব তথ্য পাওয়া যায়।
দোভাষীরা সাধারণত এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক কাজ করেন। আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করার সময় বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, বর্তমানে কোন কোন ভাষার চাহিদা সবচেয়ে বেশি।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।








