ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া বিশাল ও বৈচিত্র্যময় একটি দেশ। তবে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় গাড়ি চালানোর সময় এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, শহরের রাস্তায় যা সাধারণত হয় না। তবে আগেভাগে প্রস্তুতি নেওয়া থাকলে এবং কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সে সম্পর্কে ধারণা থাকলে আপনার ভ্রমণ হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।
গুরুত্বপূর্ণ দিক:
- যাত্রা শুরুর আগে নিশ্চিত করুন যে আপনার গাড়ি চলাচলের উপযোগী অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও জরুরি সরবরাহ সঙ্গে রয়েছে।
- সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই যাত্রার আগে ও যাত্রা চলাকালীন সরকারি তথ্য যাচাই করুন এবং কখনোই বন্যার পানির মধ্যে গাড়ি চালাবেন না।
- রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়ি চালান, নিয়মিত বিরতি নিন এবং কেবল নিরাপদ ও বৈধ হলে অন্য গাড়িকে ওভারটেক করুন।
অস্ট্রেলিয়ার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সড়ক ভ্রমণ আপনাকে দেশের এমন সব জায়গায় নিয়ে যেতে পারে, যেখানে হয়তো অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ হতো না।
তবে যাত্রা শুরুর আগে স্থানীয় সড়ক ও আবহাওয়ার সর্বশেষ অবস্থা জেনে নেওয়া এবং গাড়িটি ভ্রমণের জন্য প্রস্তুত আছে কি না তা নিশ্চিত করা জরুরি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রয়্যাল অটোমোবাইল ক্লাব বা আরএসি ডব্লিউএর রিস হেরন বলছেন,
রওনা হওয়ার আগে গাড়ির মৌলিক নিরাপত্তা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুইন্সল্যান্ডের পরিবহন ও প্রধান সড়ক বিভাগের কর্মকর্তা কাইলি পিটারসেন বলছেন, যে এলাকায় ভ্রমণ করছেন তার উপযোগী জরুরি সরঞ্জাম সঙ্গে রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন,
যাত্রার আগে পরিবারের সদস্য বা পরিচিত কাউকে নিজের পরিকল্পনা জানিয়ে রাখা উচিত।
অস্ট্রেলিয়ার আউটব্যাক অঞ্চলের অনেক রাস্তার অবস্থা একেক জায়গায় একেক রকম হতে পারে। একটি শহর থেকে আরেকটি শহরের মধ্যে দূরত্বও অনেক বেশি হতে পারে। পথে জ্বালানি স্টেশন কিংবা অন্যান্য সেবা কেন্দ্রও সবসময় নাও থাকতে পারে।
এ ছাড়া রাস্তার পাশে বন্যপ্রাণী, বিচরণরত গবাদিপশু কিংবা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন,
কখনোই বন্যার পানির ওপর দিয়ে গাড়ি চালানো উচিত নয়। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা কোনো সড়কেও প্রবেশ করা উচিত নয়।
রিস হেরন নিরাপদে গাড়ি চালানোর কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যেমন, ধীরে গাড়ি চালানো, নিয়মিত বিরতি নেওয়া এবং সম্ভব হলে চালক পরিবর্তন করা যেন ক্লান্তি না আসে।
দীর্ঘ ভ্রমণে চালকের ক্লান্তি একটি বড় ঝুঁকি। সরকারি সড়ক নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী অন্তত প্রতি দুই ঘণ্টা পরপর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
দিনের বেলায় লো-বিম হেডলাইট ব্যবহার করলে অন্য চালকদের কাছে আপনার গাড়ি আরও সহজে দৃশ্যমান হয়। রাতের বেলায় প্রয়োজন অনুযায়ী হাই-বিম ডিম করতে হবে, বিশেষ করে সামনে অন্য গাড়ি দেখা গেলে।
কেবল তখনই অন্য গাড়ি ওভারটেক করুন, যখন যথেষ্ট জায়গা থাকে, পথের দু’দিকই ভাল করে দেখা যায় এবং ওভারটেক করা আইনসম্মত হয়।

প্রত্যন্ত অঞ্চলে চলাচলের সময় আপনার সামনে বিশাল আকারের ‘রোড ট্রেন’ দেখা যেতে পারে। এগুলো হচ্ছে একাধিক ট্রেলারযুক্ত ভারী ট্রাক।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লাইভস্টক অ্যান্ড রুরাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বেন সাদারল্যান্ড বলছেন,
রোড ট্রেন ওভারটেক করতে বাড়তি সতর্কতা প্রয়োজন।
রিস হেরনও সতর্ক করে দিয়ে বলেছেন, বিশেষ করে ক্যারাভান বা ট্রেলার টেনে নিয়ে গেলে রোড ট্রেন ওভারটেক করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

যাত্রাপথে রাস্তার অবস্থা হঠাৎ বদলে যেতে পারে। কাইলি পিটারসেন বলছেন, সড়ক বন্ধ বা আবহাওয়ার সতর্কতা সম্পর্কে খোঁজ রাখা জরুরি এবং শুধু জিপিএস বা মোবাইল অ্যাপের ওপর নির্ভর করা উচিত নয়।
তিনি বলেন, স্থানীয় ও সরকারি তথ্যসূত্র ব্যবহার করলে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে আপডেট জানা সহজ হয়।
আবহাওয়া ব্যুরোর পূর্বাভাস ও সতর্কতা, জরুরি সেবার তথ্য, স্থানীয় ভিজিটর সেন্টার এবং স্থানীয় রেডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
রিস হেরন বলেন,
স্থানীয় ভিজিটর সেন্টারগুলো অনেক মূল্যবান তথ্য দিতে পারে, তাই রওনা হওয়ার আগে তাদের ফোন করে যাওয়া ভালো।
বেন সাদারল্যান্ড মনে করিয়ে দেন, অনেক বিশ্রামকেন্দ্র ও পার্কিং এলাকা মূলত ভারী যানবাহনের চালকদের জন্য নির্ধারিত থাকে।
সবশেষে কাইলি পিটারসেনের পরামর্শ,
প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাস্তায় ধৈর্য ও সৌজন্যও সমান জরুরি।
অস্ট্রেলিয়ার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। তবে নিরাপদ ভ্রমণের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন, পরিস্থিতি সম্পর্কে আপডেটেড থাকুন এবং তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে যাত্রা উপভোগ করুন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।





