মূল বিষয়সমূহ
- অস্ট্রেলিয়ায় কড়া রোদ থেকে বাঁচতে অন্যান্য ব্যবস্থার সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করা অপরিহার্য।
- সানস্ক্রিন UV রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়—এটি প্রমাণিত।
- সানস্ক্রিন ব্যবহার যে-কোনো সময়েই শুরু করা যায়, তবে কীভাবে ব্যবহার করছেন তা গুরুত্বপূর্ণ।
- বিশেষজ্ঞরা SPF ৩০+ বা SPF ৫০+ ব্রড-স্পেকট্রাম, পানি-প্রতিরোধী এবং TGA-অনুমোদিত সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন।
আপনি কি সানস্ক্রিন ব্যবহার করেন? যদি না করে থাকেন, বিশেষজ্ঞরা বলছেন—আপনার আসলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
আর যদি আপনি ইতোমধ্যেই তা ব্যবহার করেন, তাহলে আপনি কি নিশ্চিত যে এই কড়া অস্ট্রেলীয় রোদে নিরাপদ থাকতে আপনি সঠিকভাবে তা ব্যবহার করছেন?
অস্ট্রেলিয়ানরা রোদে সময় কাটাতে ভালোবাসেন। কিন্তু উদ্বেগের বিষয় হলো, ত্বকের ক্যানসারের হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ হচ্ছে অস্ট্রেলিয়ায়।
ডা. লিন্ডা মার্টিন এমনটি ঘটার কারণ ব্যাখ্যা করেন।
তিনি University of New South Wales-এর চর্মরোগ বিভাগের প্রধান, Sydney Children's Hospital-এর একজন শিশু চর্মরোগ বিশেষজ্ঞ, এবং Melanoma Institute Australia-এর একজন বোর্ড উপদেষ্টা।
তিনি বলেন, “ত্বকের ক্যানসারে অস্ট্রেলিয়া হলো বিশ্বের রাজধানী। প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে দুজন তাঁদের জীবদ্দশায় ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। আর মেলানোমার আজীবন ঝুঁকি গড়ে প্রতি ১৫ জনে একজন।”
সবচেয়ে প্রচলিত না হলেও মেলানোমা হচ্ছে ত্বকের ক্যানসারের সবচেয়ে গুরুতর ধরন।
অস্ট্রেলিয়ায় প্রায় সব স্কিন ক্যানসারই সূর্যের অতিবেগুনি (UV) রশ্মির অতিরিক্ত সংস্পর্শের কারণে ঘটে।
ডা. মার্টিন বলেন,
সুখবর হলো—আমরা আমাদের আচরণ পরিবর্তন করে এ ঝুঁকি কমাতে পারি।

রোদের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার অনেকগুলো উপায়ের একটি হলো সানস্ক্রিন, তবে অস্ট্রেলিয়ান গবেষণায় দেখা গেছে যে, ত্বকের ক্যানসার প্রতিরোধে এটি কার্যকর।
ডা. মার্টিন একটি ঐতিহাসিক গবেষণার কথা উল্লেখ করেন, যেখানে প্রাপ্তবয়স্কদের ১০ বছর ধরে গবেষণা করা হয়।

এ ক্ষেত্রে বার্তাটি স্পষ্ট: সানস্ক্রিন মেলানোমার ঝুঁকি কমায়, এবং দেরি না করে এখনই এর ব্যবহার শুরু করা উচিৎ।
প্রতিটি সানস্ক্রিনের লেবেলে একটি SPF নম্বর থাকে। SPF-এর পূর্ণরূপ হচ্ছে Sun Protection Factor।
অস্ট্রেলিয়ায় Therapeutic Goods Administration বা TGA সানস্ক্রিন পণ্যকে চিকিৎসা-সম্পর্কিত পণ্য হিসেবে নিয়ন্ত্রণ করে থাকে। তারা SPF ৩০ এবং তার ওপরের সানস্ক্রিনগুলোকে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করে।
Cancer Council SPF ৫০+ সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেয়, যা অস্ট্রেলিয়ায় পাওয়া সর্বোচ্চ মাত্রা।
উচ্চ SPF সাধারণত বেশি সুরক্ষা দেয়, তবে তা তখনই কার্যকর হবে যদি তা সঠিকভাবে প্রয়োগ করা হয়।
ভৌত রসায়নবিদ আনা ওয়াং, যিনি University of New South Wales-এর একজন সায়েন্টিয়া অ্যাসোসিয়েট প্রফেসর, বিষয়টি নিয়ে বলেন, “আপনি যদি অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি প্রতি দুই ঘণ্টা পরপর আবার সানস্ক্রিন লাগান?’—তারা সেটা করেন না।
"তাই এমন একটি পণ্য আবার ব্যবহার করার চেয়ে অনেক বেশি কার্যকর হবে SPF ৮০ লেখা এবং ২০টি ভিন্ন ল্যাব দ্বারা কঠোরভাবে পরীক্ষিত পণ্য কিনে সকালে একবার লাগিয়ে আর না লাগানো। যথেষ্ট পরিমাণে ব্যবহার করা, বাইরে যাওয়ার ২০ মিনিট আগে ব্যবহার করা—এসব বিষয় শেষ পর্যন্ত কোন টিউবটি বেছে নিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

সূর্য থেকে দুই ধরনের প্রধান UV রশ্মি আসে: UVA এবং UVB।
দুটিই স্কিন ক্যানসারের কারণ হতে পারে। UVB ত্বক পোড়ায়। UVA ত্বকের গভীরে প্রবেশ করে এবং DNA-এর ক্ষতিসাধন করতে পারে।
তাই “ব্রড-স্পেকট্রাম” লেখা সানস্ক্রিন বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যা উভয়ের বিরুদ্ধেই সুরক্ষা দেয়—ডা. ওয়াং বলেন।
আপনি যদি সাঁতার কাটেন বা বাইরে ব্যায়াম করেন, তাহলে পানি-প্রতিরোধী কোনো সানস্ক্রিন বেছে নিন।
তবে পানি-প্রতিরোধী মানে জলরোধী বা ওয়াটারপ্রুফ নয়।
প্রতি দুই ঘণ্টা পরপর, এবং সাঁতার, ঘাম বা তোয়ালে দিয়ে মুছে ফেলার পর আবার আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
লেবেলে TGA অনুমোদনের চিহ্ন আছে কি না দেখুন।
ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের ফার্মাকোলজিস্ট ও টক্সিকোলজিস্ট ইয়ান মাসগ্রেভ বলেন, “আপনি যদি সুপারমার্কেট বা ফার্মেসি থেকে একটি সানস্ক্রিন কেনেন, নিচের দিকে দেখবেন সেখানে ‘AUST L’ এবং একটি দীর্ঘ নম্বর লেখা আছে। এর মানে এটি Therapeutic Goods Administration দ্বারা অনুমোদিত হয়েছে।”

অনেক মেকআপ বা ময়েশ্চারাইজারের মতো কসমেটিক পণ্যে SPF রেটিং থাকে। সেগুলো কি সমান কার্যকরী হবে?
ড. মাসগ্রেভ বলেন, এগুলোর মধ্যে সানস্ক্রিন উপাদান থাকতে পারে, কিন্তু এগুলো নিজে সানস্ক্রিন নয়।
সানস্ক্রিন নিয়ে একটি প্রচলিত মিথ হলো—এটি নাকি শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে বাধাগ্রস্ত করে।
আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো—‘মিনারেল-অনলি’ নামে বাজারজাত সানস্ক্রিন নাকি রাসায়নিকমুক্ত।
ড. মাসগ্রেভ বলেন, সব সানস্ক্রিনই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি—তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মিনারেল ও কেমিক্যাল—উভয় ধরনের সানস্ক্রিনই নিরাপদ ও কার্যকর, তবে তারা ভিন্নভাবে কাজ করে।

সানস্ক্রিন যেহেতু চিকিৎসা-সম্পর্কিত পণ্য, তাই এগুলো উচ্চমানের ল্যাবরেটরি মানদণ্ডে তৈরি হয়, যাতে ভোক্তারা নিরাপত্তা ও গুণগত মানের নিশ্চয়তা পান।
তাই ঘরে বসে সানস্ক্রিন তৈরি করা যায়—এমন যে কোনো দাবি মিথ্যা, সতর্ক করেন University of New South Wales-এর ডা. ওয়াং।
সবশেষে, বেশি দাম মানেই ভালো সুরক্ষা—এরকম কোনো ব্যাপার নেই।
ডা. ওয়াং বলেন, TGA-অনুমোদিত যে কোনো উচ্চ সুরক্ষার সানস্ক্রিনই উপযুক্ত হবে, যদি তা সঠিকভাবে ব্যবহার করেন।
অতএব বলা যায়, অস্ট্রেলিয়ার তীব্র UV-রশ্মির মধ্যে ত্বকের ক্যানসার প্রতিরোধে সানস্ক্রিন আমাদের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়গুলোর একটি—এবং এটি সত্যিই কাজ করে।
যে পণ্যটিতে আপনার আস্থা আছে সেটি বেছে নিন, পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করুন, এবং রোদে বের হবার সময় এটিকে আপনার দৈনন্দিন অভ্যাসের অংশ করে তুলুন।
বিশেষ দ্রষ্টব্য: এই পর্বে প্রদত্ত তথ্যাবলী সাধারণ তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। এগুলো কোনো সুনির্দিষ্ট বা ব্যক্তিগত পরামর্শ নয়। সুনির্দিষ্ট পরামর্শের জন্য আপনার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।






