আপনার যদি কোনো পোষা প্রাণী থাকে, তাহলে সেটির সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পশু চিকিৎসক বা ভেট-এর (ভেটেরিনারিয়ান) কাছে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ‘অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড’-এর এই পর্বে আমরা জানতে পারব, অস্ট্রেলিয়ার কোনো ভেটেরিনারি ক্লিনিকে গেলে কী ধরনের সেবা পাওয়া যায়, যেমন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিংবা জরুরি চিকিৎসা, এবং অ্যাপয়েন্টমেন্টের আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে।
মূল বিষয়:
- আপনার পোষা প্রাণীর জন্য নিয়মিত পশু চিকিৎসা সেবা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে সহায়তা করে।
- জরুরি প্রয়োজনে, স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভেটেরিনারি জরুরি সেবা কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারেন।
- পোষা প্রাণীর মালিক হিসেবে আপনার প্রাণীর সব ধরনের ব্যয়ের দায়িত্ব আপনার, যার মধ্যে পশু চিকিৎসকের ফি-ও অন্তর্ভুক্ত।
পোষা প্রাণীর একজন দায়িত্বশীল মালিক হওয়ার অর্থ হলো আপনার পোষা প্রাণীটিকে পর্যাপ্ত খাবার, ব্যায়াম, প্রশিক্ষণ, নিরাপদ বাসস্থান এবং নিয়মিত পশু চিকিৎসা সেবা দেওয়া, যাতে সেটি সুস্থ থাকে।
অস্ট্রেলিয়ার প্রায় তিন-চতুর্থাংশ পরিবারে কোনো না কোনো পোষা প্রাণী রয়েছে। ফলে অনেকের কাছেই তারা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়। যেমন ভেরা সিটোর ১৩ বছর বয়সী ল্যাব্রাডর কুকুর ‘চকি’।
ভেরা সিটো বলেন, “ও পরিবারের শতভাগ সদস্য। পরিবারের মতো নয়, সে আসলেই পরিবার।“

পশু চিকিৎসক ড. ডায়ানা বার্কার বলেন,
পোষা প্রাণীরা অনেক সময় তাদের অসুস্থতার লক্ষণ খুব দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখতে পারে।
প্রতিরোধমূলক পরিচর্যার মধ্যে রয়েছে টিকাদান, পরজীবী প্রতিরোধ এবং দাঁতের যত্ন, যা রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগের প্রাথমিক লক্ষণও দ্রুত শনাক্ত করা সম্ভব।
পশু চিকিৎসক ড. রায়ান অং বলেন, ক্লিনিকে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া যেতে পারে।
অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় আপনার যাওয়ার কারণটি পরিষ্কারভাবে জানান এবং প্রাণীটির কোনো বিশেষ প্রয়োজন থাকলে সেটিও ক্লিনিককে জানিয়ে দিন।
ভেরা সিটো বলেন, “হতে পারে আমাদের প্রাণীটিকে গাড়িতে ওঠানো বা নামানোর জন্য সহায়তা দরকার, অথবা অপেক্ষার জায়গায় একটু বেশি জায়গা প্রয়োজন। এসব বিষয়ে ক্লিনিকের কর্মীরা খুব সহায়ক হতে পারেন, যাতে প্রাণীটির জন্য অভিজ্ঞতাটি যতটা সম্ভব ইতিবাচক হয়।”
ড. বার্কার বলেন, বিভিন্ন ধরনের প্রাণীর জন্য অপরিচিত পরিবেশে মানিয়ে নেওয়ার বিশেষ ব্যবস্থা থাকতে পারে।
পরামর্শকক্ষে ঢোকার পর ভেট আপনার প্রাণীটির শারীরিক পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন করবেন।
এই সাক্ষাৎ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য নিয়ে যেকোনো উদ্বেগ জানানোরও সুযোগ। ভেট ডাক্তার আপনার সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
পরামর্শ শেষে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে, যা আপনি রিসেপশন থেকে সংগ্রহ করতে পারবেন। সেখানেই চিকিৎসা ব্যয়ের বিলও পরিশোধ করা যায়।
আপনার পোষা প্রাণী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা আঘাত পেলে অনেক এলাকায় বিশেষায়িত সরঞ্জামসমৃদ্ধ ভেটেরিনারি জরুরি সেবা কেন্দ্রও রয়েছে।

আপনার পোষা প্রাণী নিয়ে জরুরি কোনো উদ্বেগ থাকলে ড. অং প্রথমে জরুরি ভেট সেন্টারে ফোন করার পরামর্শ দেন।
জরুরি সেবা কেন্দ্রে পৌঁছালে কর্মীরা আপনার প্রাণীটির অবস্থা মূল্যায়ন করবেন, যাতে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর।
ভেট প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা এবং সম্ভাব্য ব্যয় সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবেন।
ড. বার্কার বলেন, পোষা প্রাণীর মালিক হিসেবে চিকিৎসা-সংক্রান্ত সব খরচের দায়িত্ব আপনার, এবং সাধারণত ভিজিটের সময়ই ভেট ফি পরিশোধ করতে হয়।

আপনার পোষা প্রাণীর চিকিৎসার পেছনে কতটা ব্যয় করতে পারবেন সে বিষয়ে সীমাবদ্ধতা থাকলে, তা সম্মানজনকভাবে ভেট কর্মীদের জানানো জরুরি।
ভেটেরিনারি দল প্রাণীদের প্রতি গভীরভাবে যত্নশীল। সৌজন্যমূলক ও সম্মানজনক যোগাযোগ তাদেরকে আপনার প্রাণীর যত্নে মনোযোগী থাকতে, আপনার সঙ্গে সমন্বয় করতে এবং প্রাণীটির জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
ড. অং বলেন,
চিকিৎসা ব্যয় সামাল দিতে পেট ইনস্যুরেন্স বা পোষা প্রাণীর জন্যে বীমা করাও একটি বিকল্প উপায় হতে পারে।
পোষা প্রাণীরা আমাদের পরিবারের মূল্যবান সদস্য। তারা আমাদের আনন্দ ও সঙ্গ দেয়। আর স্থানীয় ভেটেরিনারিয়ানের সহায়তায় আপনি নিশ্চিত করতে পারেন যে তারা একটি সুখী, সুস্থ ও দীর্ঘ জীবন পাবে।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।





