মূল বিষয়গুলো
- অস্ট্রেলিয়ার সবগুলো আইভিএফ ক্লিনিকের তথ্য সরকারী তহবিলে চলা একটি ওয়েবসাইটে পাওয়া যায়
- ফার্টিলিটি ক্লিনিক বেছে নেওয়ার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা
- আপনি সরকারী খরচে ফার্টিলিটি সেবা পাওয়ার যোগ্য কী না, তা যাচাই করে নিন
- ফার্টিলিটি কাউন্সেলিং আপনাকে বা আপনার সঙ্গীকে চিকিৎসার যেকোনো সম্ভাব্য ফলাফলের জন্য প্রস্তুত হতে ও বুঝতে সাহায্য করে
স্টেট ও টেরিটরি ভেদে আইভিএফের নিয়ম ভিন্ন হওয়ায় শুরুতে এ প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে।
অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে অস্ট্রেলিয়ায় আইভিএফ করানোর সিদ্ধান্ত নিলে কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেসব বিষয় আমরা সহজভাবে তুলে ধরব।
১৯৭৮ সালে যুক্তরাজ্যে যখন বিশ্বের প্রথম আইভিএফ শিশুর জন্ম হয়, সে ঘটনা বন্ধ্যাত্ব চিকিৎসার ভবিষ্যৎই বদলে দেয়।
বর্তমানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, আর মাথাপিছু আইভিএফ সাইকলের হিসাবে অস্ট্রেলিয়া শীর্ষ দেশগুলোর একটি।
প্রফেসর জর্জিনা চেম্বার্স হলেন নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল পেরিনাটাল এপিডেমিওলজি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ইউনিটের পরিচালক।
তিনি অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড অ্যাসিস্টেড রিপ্রোডাকশন ডেটাবেস—এনজার্ড (ANZARD)—এর তত্ত্বাবধানও করে থাকেন।
প্রফেসর চেম্বার্স বলেন, এই ন্যাশনাল রেজিস্ট্রি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিচালিত প্রতিটি আইভিএফ সাইকলের তথ্য সংগ্রহ করে।

সংগৃহীত এই তথ্য ব্যবহার করা হয় yourivfsuccess.com.au ওয়েবসাইটে, যা অস্ট্রেলীয় সরকারের অর্থায়নে পরিচালিত এবং ফার্টিলিটি ক্লিনিকগুলোর থেকে স্বতন্ত্র।
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এই তথ্য সংগ্রহ করে জনসাধারণের জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করে থাকে।
আগ্রহীরা এই সাইট থেকে অনেক রকম তথ্য জানতে পারে।
উদাহরণস্বরূপ, ইচ্ছে হলে যে-কেউ ন্যাশনাল আইভিএফ পরিসংখ্যান দেখতে পারেন এবং নিজেদের পরিস্থিতি অনুযায়ী তৈরি ইন্টার্যাকটিভ টুল ব্যবহার করতে পারেন।
এর একটি টুল আইভিএফ গ্রহণকারী নারীদের সন্তান হওয়ার সম্ভাব্যতা ধারণা করতে সহায়তা করে থাকে।
প্রফেসর চেম্বার্স ব্যাখ্যা করে বলেন, এটি একটি অনলাইন ক্যালকুলেটর, যেখানে মানুষ নিজের সম্পর্কে তথ্য দিতে পারে—যেমন বয়স, সঙ্গীর বয়স, কোনো চিকিৎসা চলমান থাকলে সে-তথ্য, আগে আইভিএফ চিকিৎসার ইতিহাস—এরপর তারা আইভিএফের মাধ্যমে সন্তান হওয়ার সম্ভাব্যতার একটি হিসাব পেতে পারে।

অস্ট্রেলিয়ার সব ক্লিনিকের আইভিএফ সাফল্যের হারও একটি অনলাইন ডেটাবেসের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা রয়েছে।
পেট্রা ওয়েল ফার্টিলিটি সোসাইটি অব অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট। তাঁর কর্মক্ষেত্র হচ্ছে ক্লিনিক্যাল এমব্রায়োলজি।
তিনি বলেন,
সাফল্যের হারই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়।

আইভিএফসহ যে-কোনো বন্ধ্যাত্ববিষয়ক চিকিৎসা ব্যয়বহুল হতে পারে। বেশিরভাগ মানুষকে সম্পূর্ণ বা খরচের অন্তত কিছু অংশ নিজে বা প্রাইভেট হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে বহন করতে হয়।
যোগ্য রোগীরা মেডিকেয়ার রিবেট পেতে পারেন। এবং স্টেট বা টেরিটরির স্বাস্থ্য বিভাগ থেকেও সরকারী তহবিলভিত্তিক সেবা পাওয়া যেতে পারে।
কে কী রকম সহায়তা পেতে পারেন তা জানতে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।
অ্যাসোসিয়েট প্রফেসর অ্যালেক্স পলিয়াকভ ভিক্টোরিয়ায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার আওতায় ফার্টিলিটি সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের একজন সিনিয়র ফার্টিলিটি কনসালট্যান্ট।
তিনি বলেন, আইভিএফই বন্ধ্যাত্বের একমাত্র চিকিৎসা নয়। তিনি রয়্যাল উইমেনস হাসপাতালের কয়েকটি সেবার উদাহরণ দেন।
সরকারি সেবাপ্রদানকারী হোক বা বেসরকারি ক্লিনিক—শুরুটা সাধারণত একইভাবে হয়ে থাকে।
প্রথমে পারিবারিক চিকিৎসকের কাছ থেকে একটা রেফারাল নিতে হবে। এরপর ফার্টিলিটি ক্লিনিকে প্রথম সাক্ষাতে আপনাকে নিজের ইতিহাস জানাতে হবে এবং কয়েকটি মেডিকেল পরীক্ষা করাতে হবে।

যারা এই সেবা গ্রহণ করবেন, পুরো প্রক্রিয়াজুড়ে তাদেরকে বিশেষজ্ঞদের একটি দল সহায়তা করে।
ফার্টিলিটি সোসাইটি অব অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডের ডা. ওয়েল বলেন, অনেকগুলো মানুষ এ প্রক্রিয়ায় যুক্ত থাকেন।
আপনার স্টেট বা টেরিটরি অনুযায়ী, আইভিএফের মতো সহায়ক প্রজনন চিকিৎসার ক্ষেত্রে—বিশেষ করে শুক্রাণু বা ডিম্বাণু দান এবং সারোগেসি জড়িত থাকলে—আইন অনুযায়ী ফার্টিলিটি কাউন্সেলিং বাধ্যতামূলক হতে পারে।
এই কাউন্সেলিংয়ের খরচ সাধারণত চিকিৎসা ফিতেই অন্তর্ভুক্ত থাকে।
অ্যাসোসিয়েট প্রফেসর পলিয়াকভ বলেন, এই ধরনের কাউন্সেলিংয়ের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে।
এমনকি কাউন্সেলিং বাধ্যতামূলক না হলেও, ডা. ওয়েল বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সহায়তার উৎস হতে পারে।
এটি আপনাকে বা আপনার সঙ্গীকে ফার্টিলিটি চিকিৎসার সময় যেকোনো সম্ভাব্য ফলাফলের জন্য প্রস্তুত হতে ও প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করে।
তবে শেষ করার আগে জেনে রাখুন —বন্ধ্যাত্ব একটি সাধারণ বিষয়। এবং এতে লজ্জার কিছু নেই।
বিশেষ দ্রষ্টব্য: এই পর্বে প্রদত্ত তথ্যাবলী সাধারণ তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। এগুলো কোনো সুনির্দিষ্ট বা ব্যক্তিগত পরামর্শ নয়। সুনির্দিষ্ট পরামর্শের জন্য আপনার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চান ? australiaexplained@sbs.com.au-এ আমাদের একটি ইমেল পাঠান।







